মুক্তমন রিপোর্ট: শিক্ষার উন্নয়নে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (৭ আগস্ট) চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজে উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার উন্নয়নে নেতাকর্মীদের কাজ করতে হবে। দিনরাত শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কাউকে খুশি করতে নয়, বরং যা যা উচিত এবং জনকল্যাণকর মনে করি, সেটাই করছি।”
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মন্ত্রী।
সভায় কচুয়া থানা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, কচুয়া বিএনপি ও পৌর বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন কচুয়ায় সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময় মানুষ নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে মানুষ হত্যার ঘটনা ঘটেছে। এসব স্মৃতি মনে রেখে বর্তমান সরকারের কার্যক্রমের সঙ্গে আগের সরকারের তুলনা করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, “এই কোল্ড স্টোরেজ সরকার মডেল হিসেবে করছে। এতে ব্যবসায়ীরা সুবিধা পাবেন। বাজার সমিতিতে সব পেশার প্রতিনিধি নিতে হবে। একটি বৈষম্যহীন সমাজ গড়তে সব শ্রেণি-পেশার মানুষের অবদান থাকতে হবে।”
কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলসহ সাচার বাজারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।