শিবপুরে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেল ১৫ শিক্ষার্থী

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা সনদ দিচ্ছেন অনুষ্ঠানের অতিথিরা।
শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা সনদ দিচ্ছেন অনুষ্ঠানের অতিথিরা।

মুক্তমন রিপোর্টার : সাতক্ষীরার শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা ও সাধারণ জ্ঞান বিকাশে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে শিবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাখার সেক্রেটারি আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মা, ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা এবং সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুন্নবী বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান ও মেধার বিকাশ ঘটানো জরুরি। নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক জয়দেব শর্মা আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পরামর্শ দেন।

কুইজ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণি থেকে তিনজন করে মোট ১৫ জন শিক্ষার্থী বিজয়ী হয়। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।