শেষ সুযোগ দিলেন ট্রাম্প, আলোচনা নয় বলছে ইরান

শেষ সুযোগ দিলেন ট্রাম্প, আলোচনা নয় বলছে ইরান

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন আলোচনা তেহরানের জন্য একটি ভালো চুক্তিতে পৌঁছানোর এবং আরও সামরিক হামলা এড়ানো শেষ সুযোগ। তিনি জানান, আগামী এক-দুই দিনের মধ্যে আলোচনা শুরু হতে পারে, যার প্রথম লক্ষ্য হবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তবে ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি অস্থায়ী নৌপথ তৈরির বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে তিনি সম্ভাব্য বড় ধরনের সামরিক হামলা থেকে বিরত থেকেছেন। একই সঙ্গে তিনি ইরানকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

অন্যদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, নৌপথ নির্ধারণ ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো বিপরীতমুখী। ইরানের অভ্যন্তরেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা প্রশ্নে মতভেদ রয়েছে।

এদিকে সৌদি আরব আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই দেশটি কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।