সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন

মুক্তমন রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথবাহিনীর অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজিজ আহমেদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ঘটনায় কোনো পলাতক আসামিকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে এই প্রথম ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে অবস্থান করছেন বলে তথ্য পাওয়ার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে বিদেশে পলাতক অন্যান্য আসামিদেরও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালানো হবে।

ইন্টারপোলের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে অগ্রগতির তথ্য ট্রাইব্যুনালকে জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এর আগে শাপলা চত্বরের ঘটনায় গত ২৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে উপস্থাপিত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও শাহরিয়ার কবিরসহ আরও কয়েকজন রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন।