মুক্তমন ডেস্ক: পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি কোল্ড স্টোরেজসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সোমবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক অংশীদারিত্ব এবং স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজের মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো হলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাস করে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
নগর ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা গেলে দেশের নগর ও স্থানীয় সরকার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সাক্ষাতের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং এ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্ব পাচ্ছে। এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
উভয় পক্ষ আশা প্রকাশ করে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরি করবে। পারস্পরিক অভিজ্ঞতা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে আগামী দিনে এই অংশীদারিত্ব আরও গভীর ও ফলপ্রসূ হতে পারে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।