ইরাকে আর বিদেশি বাহিনী প্রয়োজন নেই: ইরাকি প্রেসিডেন্ট

ইরাক থেকে আন্তর্জাতিক জোট বাহিনী প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট নিজার আমিদির বক্তব্য
ইরাক থেকে আন্তর্জাতিক জোট বাহিনী প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্ট নিজার আমিদির বক্তব্য

মুক্তমন রিপোর্টার : ইরাকে আর আন্তর্জাতিক জোটের বিদেশি সেনাদের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিজার আমিদি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব বাহিনীর ইরাক ছাড়ার প্রক্রিয়া শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, তাকফিরি সন্ত্রাসী সংগঠন দায়েশ বা আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাগদাদের অনুরোধে আন্তর্জাতিক জোট ইরাকে এসেছিল। তবে বর্তমানে দেশটির নিরাপত্তা পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীলতা এসেছে এবং ইরাকি নিরাপত্তা বাহিনীও আগের তুলনায় সক্ষমতা অর্জন করেছে।

এ কারণে বিদেশি জোট বাহিনীর উপস্থিতি এখন আর প্রয়োজনীয় নয় বলে মনে করেন তিনি।

ইরাকের সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে নিজার আমিদি বলেন, অন্য কোনো দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

তিনি স্পষ্ট করেন, ইরাকের মাটিকে কোনো দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবেও ব্যবহার করতে দেওয়া হবে না। বাগদাদ যে দেশের সার্বভৌমত্ব ও নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে গুরুত্ব দিচ্ছে, তারই ইঙ্গিত পাওয়া যায় প্রেসিডেন্টের বক্তব্যে।

সম্প্রতি ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের ইরাক সফরের কথাও তুলে ধরেন প্রেসিডেন্ট। সফরকালে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ইরান-ইরাক সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুনভাবে সাজানোর বিষয়ে কিছু বার্তা তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইরাকি প্রেসিডেন্ট বলেন, সরকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। বর্তমানে নিরাপত্তা ও অর্থনীতি—দুটি বড় চ্যালেঞ্জ মোকাবিলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে সরকারের অগ্রাধিকারের তালিকায় অর্থনৈতিক খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।