শক্তিশালী ভূমিকম্পে কাঁপল টোকিওসহ জাপানের বিভিন্ন এলাকা

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা
জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা

মুক্তমন রিপোর্টার : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে রাজধানী টোকিওসহ দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি জেলার ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে কম্পনের পর কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন, অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, টোকিওসহ পাঁচটি প্রিফেকচারে ৩৭ জন আহত হয়েছেন। এর মধ্যে টোকিওতে ১৫, সাইতামায় ৯, কানাগাওয়ায় ৮, চিবায় ৪ এবং ইবারাকিতে একজন আহত হন।

আহতদের বেশির ভাগই ভূমিকম্পের সময় ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে গিয়ে অথবা দরজা ও আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পেয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।

ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশে সমস্যা দেখা দিয়েছে। রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ একটি দল গঠন করা হয়েছে। দলটি বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুর কুমামতো এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ৩৮ জন নিহত এবং ৩৬৪ জন আহত হন।