মুক্তমন রিপোর্টার : কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলার সার ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। নির্ধারিত দামের বাইরে সার বিক্রি করলে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২২ আগস্ট) বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি সার গুদামে পৌঁছানোর তথ্য সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সারের বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ এবং অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিএফএ জানিয়েছে, সংগঠনের নীতিমালা বা নির্ধারিত নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিজ্ঞপ্তিতে ডিলারদের আরও সতর্ক করে বলা হয়েছে, কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠী অতিরিক্ত দামে সার বিক্রি করে যেন তার দায় সংশ্লিষ্ট ডিলারের ওপর চাপাতে না পারে। এ বিষয়ে ডিলারদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেও ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে।