ডিএসসিসিতে ঈদ অনুদান বিতরণ: পরিচ্ছন্নতাকর্মী ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে কোটি টাকার সহায়তা


মুক্তমন রিপোর্ট :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় পরিচ্ছন্নতাকর্মী এবং ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) নগর ভবনে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে এই অনুদান হস্তান্তর করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
অনুষ্ঠানে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ডিএসসিসির ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এদিন প্রশাসক আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই অনুদান তুলে দেন।
পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেমন তাদের ঈদ উপহার দিয়েছেন, তেমনি তাদেরও দায়িত্ব একটি “ক্লিন সিটি, গ্রিন সিটি” গড়ে তোলা।
অন্যদিকে, ডিএসসিসির নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩ হাজার টাকা এবং ১ হাজার ৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ১৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তুলতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রচারে: মোঃ রাসেল রহমান, জনসংযোগ কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।



