২৪ ঘণ্টার মধ্যে চালু সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ, আশ্বাস বাস্তবায়ন করলেন স্বাস্থ্যমন্ত্রী


মুক্তমন রিপোর্ট :
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের ঘোষণা অনুযায়ী মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকার মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে আইসিইউ দ্রুত চালুর আশ্বাস দিয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে হাম (মিজলস) রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি হয়। ফলে বেড সংকট দেখা দেয় এবং অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা দিতে হয়।
এ পরিস্থিতিতে এক শিশু মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী গভীর রাতে হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসা সেবায় কোনো অবহেলা নেই এবং দ্রুত আইসিইউ চালু করা হবে।
ঘোষণার পরপরই দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জন চিকিৎসক, ১ জন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) এবং ১ জন এনেস্থিটিস্টকে সংযুক্ত করা হয়। পাশাপাশি আইসিইউ ইউনিটের প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও প্রস্তুত করা হয়েছে। বর্তমানে ৫ শয্যার আইসিইউ ইউনিটটি রোগীদের জরুরি সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত।
এছাড়া সংক্রামক ব্যাধি হাসপাতালের ওপর চাপ কমাতে পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংক্রামক রোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।



