অর্থ-বাণিজ্য

ফেনীতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

মুক্তমন রিপোর্ট :

ফেনী শহরের রেলগেট বাজার ও মিজান রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) পরিচালিত এই অভিযানে দেখা যায়, কিছু দোকানে ইফতার সামগ্রী খোলা অবস্থায় রাখা হয়েছে এবং বেগুনি তৈরির জন্য রাখা বেগুনে পোকার উপস্থিতি রয়েছে। এছাড়া কর্মীদের স্বাস্থ্যবিধি না মানাসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক আছাদুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন। এ সময় জেলা আনসারের একটি চৌকস টিম ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

জেলা নিরাপদ খাদ্য অফিসার জানান, দণ্ড প্রদানের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সঠিক পদ্ধতিতে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button