দক্ষিণখান থেকে অপহৃত নাবিল উদ্ধার


নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাকচর গ্রামের বাসিন্দা সার্জেন্ট (অব.) সারোয়ার জাহানের ছেলে মোজাহিদুল ইসলাম নাবিল অপহরণের তিন দিন পর উদ্ধার হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ মে সোমবার দুপুরে রাজধানীর দক্ষিণখান এলাকার ৪৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন এয়ারপোর্ট এলাকা থেকে নাবিলকে অপহরণ করা হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা এয়ারপোর্ট ও দক্ষিণখান থানায় যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণে জটিলতার মুখে পড়েন। পরে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সহযোগিতা কামনা করেন। বিষয়টি জানার পর তিনি র্যাব-১ কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
র্যাব-১ বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ মে বুধবার দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোড এলাকা থেকে নাবিলকে উদ্ধার করে। উদ্ধারকালে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। বর্তমানে র্যাবের তত্ত্বাবধানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
নাবিল উদ্ধার হওয়ায় পরিবার, স্বজন ও নান্দাইলবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



