‘জনগণের সার্চলাইট এখন জামায়াতের দিকে’


রংপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে। তাই দলীয় নেতাকর্মীদের লেনদেন, আচরণ ও কর্মকাণ্ডে আরও সতর্ক থাকতে হবে।
শুক্রবার রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “দুইটা সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে—একটা আল্লাহ তায়ালার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান করতে হবে।”
তিনি বলেন, “সাদা কাপড়ে সামান্য দাগ লাগলেও তা বেশি দৃশ্যমান হয়। তেমনি নেতাকর্মীদের ছোট ভুলও মানুষের নজরে বড় হয়ে ধরা পড়ে। তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; এটি মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য নেতাকর্মীদের প্রতিটি কাজে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ এখন শুধু বক্তৃতা শুনতে চায় না, তারা রাজনৈতিক দলের বাস্তব আচরণ পর্যবেক্ষণ করছে। আগে অনেকে মনে করতেন জামায়াত একটি টিকে থাকা দল, কিন্তু এখন তারা দলটিকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখছেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের শরীরের একটি লোমকূপও সার্চলাইটের বাইরে থাকবে না। তাই কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা অসতর্ক আচরণ দল ও আদর্শের জন্য ক্ষতির কারণ হতে পারে।”
এর আগে সকাল ৯টায় একদিনের সফরে রংপুরে পৌঁছান জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি আমির সম্মেলনে অংশ নেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধন এবং বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সুধী সমাবেশেও বক্তব্য দেন।



