বর্ষসেরা কোচের ব্যালন ডি’অর জিতলেন দে লা ফুয়েন্তে

স্পেনের জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে, বর্ষসেরা কোচের ব্যালন ডি’অর পুরস্কারজয়ী।
স্পেনের জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে, বর্ষসেরা কোচের ব্যালন ডি’অর পুরস্কারজয়ী।

মুক্তমন রিপোর্ট : স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে বর্ষসেরা কোচের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করে তিনি দলের খেলোয়াড়দের কৃতিত্বের ওপর গুরুত্ব দেন।

পুরস্কার পাওয়ার পর দে লা ফুয়েন্তে বলেন, দলগত কাজই একটি দলকে অপ্রতিরোধ্য করে তোলে। তাঁর মতে, ব্যক্তিগত স্বার্থের আগে দলকে প্রাধান্য দেওয়া খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগই স্পেনের সাফল্যের অন্যতম রহস্য।

৬৫ বছর বয়সী এই কোচ সাবেক তারকা ফুটবলারদের কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ধারার বাইরে স্পেনের জাতীয় দলের কোচিং কাঠামোর বিভিন্ন ধাপ পেরিয়ে উঠে এসেছেন। খেলোয়াড় হিসেবে তাঁর ক্যারিয়ার খুব উল্লেখযোগ্য ছিল না। ক্লাব কোচিংয়েও বড় সাফল্য পাননি তিনি।

২০১৩ সালে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের যুব দলের কোচ নিয়োগের বিজ্ঞাপন দেখে আবেদন করেন দে লা ফুয়েন্তে। এরপর স্পেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর সাফল্যের যাত্রা। দীর্ঘ ১৩ বছরে তাঁর অধীনে যুব পর্যায়ে কাজ করা কয়েকজন খেলোয়াড় পরবর্তী সময়ে জাতীয় দলের হয়ে নেশন্স লিগ, ইউরো ২০২৪ এবং বিশ্বকাপ জয়ের অভিযানে অংশ নেন।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে শুরু থেকেই নিজের দলের সামর্থ্যের ওপর আস্থা রেখেছিলেন দে লা ফুয়েন্তে। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু হলেও স্পেনের আত্মবিশ্বাস ও খেলার ছন্দ ধীরে ধীরে বাড়তে থাকে। সেমিফাইনালে অন্যতম ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দলটি।

নিউ জার্সিতে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে শারীরিক শক্তিনির্ভর কৌশলের মুখেও ঠান্ডা মাথায় খেলে স্পেন। শেষ পর্যন্ত ফেররান তোরেসের জয়সূচক গোলে ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে দলটি।

দে লা ফুয়েন্তে বলেন, বহু বছর ধরে ভালোভাবে কাজ করার স্বীকৃতি এই পুরস্কার। তাঁর মতে, কোচিং ও খেলার ধরন—উভয় ক্ষেত্রেই স্প্যানিশ ফুটবল উন্নত মানের তরুণ খেলোয়াড় তৈরির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রক্রিয়াই ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে।

এদিকে নারী ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বার্সেলোনার কোচ পেরে রোমিউ। তাঁর অধীনে গত মৌসুমে স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ, সুপার কাপ ও চ্যাম্পিয়নস লিগ—চারটি শিরোপাই জেতে বার্সেলোনা।

সূত্র : বাসস

Muktomon/TA