মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি)। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার আগে সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে তিন বছরের জন্য ক্রিকেটারদের নিলাম। পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার।
নিলামের ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। তবে ক্যাটাগরিতে নাম থাকলেও নিলামের টেবিলে তোলা হয়নি তাঁর নাম।
দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ডানহাতি পেসার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এ কারণে ডি থ্রির প্রথম সংস্করণে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
জানা গেছে, চলতি বছরের টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না তানজিম সাকিব। তবে টুর্নামেন্টের পরবর্তী দুই সংস্করণে তাঁকে পাওয়ার আশা রয়েছে। এ অনিশ্চয়তার কারণেই ‘বি’ ক্যাটাগরিতে থাকা সত্ত্বেও আপাতত তাঁর নাম নিলামে তোলা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পরবর্তী দুই সংস্করণে খেলার জন্য উপলভ্য থাকায় পরে আবারও নিলামে তোলা হতে পারে তানজিম সাকিবের নাম।
Muktomon/TA