অরুণ কুমার সরকার : প্রধানমন্ত্রীর নির্বাহী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে বাগেরহাটের চিতলমারীতে ‘পল্লী সবুজায়ন কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় চিতলমারী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকদের মধ্যে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ হোসেন এবং চিতলমারী শাখার ব্যবস্থাপক গৌতম সরকার।
এ ছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের গ্রাহকেরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা বাড়াতে পল্লী সঞ্চয় ব্যাংকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।