মুক্তমন রিপোর্ট : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
বুধবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ জানান, নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানান তিনি।
ভোটারদের সংশয় ও আতঙ্ক দূর করার আহ্বান জানিয়ে ইসি সচিব বলেন, ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও আশ্বাস দেন তিনি।
Muktomon/TA