মিরপুর-১ গোলচত্বরে বিকেলে ফের ডিএনসিসির উচ্ছেদ অভিযান

 মিরপুর-১ গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
মিরপুর-১ গোলচত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

মুক্তমন রিপোর্ট : রাজধানীর মিরপুর-১ গোলচত্বর এলাকার ফুটপাত দখলমুক্ত করা ও অবৈধ স্থাপনা সরাতে আবারও উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় ওই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান পরিচালনার কথা জানিয়েছে সংস্থাটি।

এর আগে বুধবার সকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর-১ গোলচত্বর এলাকায় প্রথম দফার উচ্ছেদ অভিযান শুরু হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অভিযানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় একই এলাকায় আবারও উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।

অভিযানে অংশ নিয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীকে একে একে ফুটপাত দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ফুটপাত দিয়ে মানুষের হাঁটা এবং সড়ক দিয়ে যানবাহন চলাচল নিশ্চিত করতে হবে। কিন্তু ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানো হয়েছে।

তিনি বলেন, ডিএনসিসির পক্ষ থেকে ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য ফুটপাতও দখলমুক্ত করা হবে। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ডিএনসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় দফার অভিযান মিরপুর-১ গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের উপস্থিতিতে ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

Muktomon/TA