মুক্তমন রিপোর্ট : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নির্মাণাধীন সেতুর কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয় থেকে দুদকের একটি দল উপজেলা এলজিইডি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযোগের বিষয়ে বিভিন্ন নথিপত্র ও তথ্য সংগ্রহ করে তা যাচাই করা হচ্ছে।
দুদক সূত্রে জানা গেছে, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
সম্প্রতি সেতুটির ফুটপাতের স্ল্যাব নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে উপজেলা প্রশাসনও ঘটনাটি তদন্তে উদ্যোগ নেয়।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিম্নমানের কাজ হয়ে থাকলে তা পুনরায় করার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে ঘটনায় করা মামলায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় প্রধান ঠিকাদারসহ দুজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের বিষয়ে সংগৃহীত তথ্য ও নথিপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Muktomon/TA