আরিফুল ইসলাম : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ফরিদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী কালিমাতা মন্দির, ঋষিপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর ওয়ার্ড দলনেতা মো. আরিফুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীকৃষ্ণ চন্দ্র দাস, আনসার ও ভিডিপির সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আরিফুল ইসলাম পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আলোকসজ্জা ও দর্শনার্থীদের যাতায়াতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য আনসার ও ভিডিপির সদস্য এবং স্বেচ্ছাসেবকেরা প্রশাসনের পাশাপাশি ২৪ ঘণ্টা পূজামণ্ডপে কাজ করছেন।”
তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের আশ্বাস দেন।
পরিদর্শনের সময় পূজামণ্ডপের সিসিটিভি ক্যামেরা সচল থাকা, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্য ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পূজামণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
পাবনা জেলা প্রতিনিধি
Muktomon/TA