মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাত থেকে হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলা এবং নগরের সিটি গেট ও খুলশী এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে হাটহাজারীতে পেট্রোল বোমাসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, আগুনে শাখাটির কিছু নথিপত্র পুড়ে গেছে। পরে নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন।
হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, ভাঙচুরের সময় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাঁদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এসব কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, নগরের আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, অটোরিকশায় করে আসা দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, খুলশীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। আমিনুর রশিদ বলেন, বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।