মুক্তমন রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আয়োজিত কর্মসূচি থেকে ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া এবং ছাত্রলীগের পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপাচার্য ভবন, বিজ্ঞান অনুষদ ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ভাষাশহীদ রফিক ভবনের নিচে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, জবি ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা নিয়মিত শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্লাস করার পরিবেশ নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার দাবি জানান।শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন। বিভিন্ন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে শামসুল আরেফিন বলেন, শেখ হাসিনা পালাবেন না বললেও দেশ ছেড়ে চলে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তিনি ফিরবেন না বলে মন্তব্য করেন তিনি। দেশে ফেরার আগে গণমাধ্যমে তাঁর চেহারা দেখানোর আহ্বানও জানান ছাত্রদলের এই নেতা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের অরাজকতা সৃষ্টি হলে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্রদল নিজ উদ্যোগে জড়িতদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA