মুক্তমন রিপোর্ট : দীর্ঘ সাহিত্যজীবনের স্বীকৃতি পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে ‘দ্য এন্ড অব এভরিথিং’ বইয়ের জন্য বুকার পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে বুকারের ইতিহাসে প্রথম লেখক হিসেবে বিশুদ্ধ কল্পবিজ্ঞান সাহিত্য রচনা করে এ পুরস্কার অর্জন করেছেন হ্যারিসন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়।
বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, অতীতে বুকারজয়ী অনেক লেখকের রচনায় কল্পবিজ্ঞানের নানা উপাদান থাকলেও হ্যারিসনের বইটি প্রকৃত অর্থেই কল্পবিজ্ঞানধর্মী সাহিত্য। কয়েক দশকের সাহিত্যচর্চার পর তাঁর এই অর্জনকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি।
হ্যারিসনের আগে সবচেয়ে বেশি বয়সে বুকার জয়ের রেকর্ড ছিল কানাডীয় লেখক মার্গারেট অ্যাটউডের। ২০১৯ সালে ৭৯ বছর বয়সে ‘দ্য টেস্টামেন্টস’ উপন্যাসের জন্য পুরস্কারটি পেয়েছিলেন তিনি। এবার ৮১ বছর বয়সে জয়ী হয়ে সেই রেকর্ড ভাঙলেন হ্যারিসন।
বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড জানান, দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ‘দ্য এন্ড অব এভরিথিং’ বইটিকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়।
এই অর্জনের মধ্য দিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান সার্পেন্টস টেইলও প্রথমবারের মতো বুকার পুরস্কার পেল। প্রতিষ্ঠানটি এর আগে পাঁচবার মনোনয়ন পেয়েছিল।
উল্লেখ্য, গত বছর ডেভিড সালাই ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বছরগুলোতে এ পুরস্কার পেয়েছেন সামান্থা হার্ভে, পল লিঞ্চ ও শেখান করুণাতিলকা।
Muktomon/TA