প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তালিয়ায় এরদোয়ানের বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

মুক্তমন রিপোর্ট : তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রথম আলো।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পারস্পরিক সফর, বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর এবং শীর্ষ পর্যায়ে যোগাযোগ বেড়েছে। প্রস্তাবিত এ বৈঠক দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ধারাবাহিক অংশ।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বরের সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এরদোয়ানের সঙ্গে এটি তারেক রহমানের দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে তাঁদের প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার ওপর গুরুত্ব দেন এরদোয়ান। পাশাপাশি প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এর আগে গত জুনের শুরুতে বাংলাদেশ সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় ফিদান বলেন, তাঁর এ সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম ধাপ।

ওই সফরের পর দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বার্ষিক বৈঠক এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের অংশগ্রহণে নিয়মিত বৈঠক আয়োজনের বিষয়ে দুই পক্ষ একমত হয়।

ঢাকা সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

এদিকে, কয়েক বছর ধরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও বাড়ছে। গত জুলাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক যান। ওই সফরে দুই দেশের সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষাপ্রযুক্তি, প্রতিরক্ষাশিল্প, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

দুই দেশের আলোচনায় রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব পাচ্ছে। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে বৈঠকে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন এরদোয়ান। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয়, শিক্ষা ও অবকাঠামো খাতে মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।

Muktomon/TA