শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।
বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।

মুক্তমন রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ ছেড়ে যাওয়া এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মুখে থাকা একজন ব্যক্তি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাবেন, তা স্পষ্ট করা প্রয়োজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয় এবং তিনি দেশ ছেড়ে চলে যান। এখন তাঁর পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টি আলোচনায় আসায় এ সুযোগ পাওয়ার আইনি ভিত্তি কী, সেই প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি তিনি লন্ডনে বক্তব্য দিলেও তা প্রচার করা যাবে না বলে বলা হয়েছিল। তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। সেই বক্তব্যের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে রিজভী প্রশ্ন তোলেন, তাহলে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে।

তারেক রহমানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তিনি পলাতক ছিলেন না, শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হয় এবং তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে দাবি করেন রিজভী।

তিনি আরও বলেন, আবু সাঈদ, আহনাফ ও মুগ্ধসহ ২০২৪ সালের আন্দোলনে নিহতদের আত্মত্যাগের স্মৃতি এখনো মানুষের মনে রয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার দেশের আইন ও সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে।

রিজভী বলেন, সত্যকে জনগণের সামনে উন্মুক্ত করা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, এবারের নির্বাচনে ‘আমি-ডামি’ কিংবা ‘মিডনাইট’ নির্বাচনের মতো পরিস্থিতি ছিল না; বরং সব পক্ষের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে বলেও আশা প্রকাশ করেন রিজভী। আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করে রিজভী বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা ও সৃজনশীলতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাঁদের মধ্যে ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হওয়ার মতো প্রতিভা রয়েছে। এসব তরুণ একদিন বিজ্ঞানী হয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ ছাড়া বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।

Muktomon/TA