ডিএসইর নবনিযুক্ত দুই পরিচালকের সঙ্গে ডিবিএর মতবিনিময়

ডিএসইর নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
ডিএসইর নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

মুক্তমন রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সেলিম বরকত ও ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইর নিকুঞ্জ টাওয়ারের বোর্ড কক্ষে নবনিযুক্ত দুই পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ডিবিএর পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এবং পরিচালক শরীফ আতাউর রহমান, নাঈম মো. কাইয়ুম, আমিনুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিমসহ অন্যরা।

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ, বাজারের উন্নয়ন ও সম্প্রসারণ এবং স্থিতিশীলতা, স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালককে ডিএসইর পরিচালনা পর্ষদে স্বাগত জানান। তাঁদের পেশাগত দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতা ডিএসইর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাইফুল ইসলাম আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বাজারের টেকসই বিকাশে ডিবিএ ভবিষ্যতেও ডিএসইর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ডিএসইর উন্নয়নমূলক ও ইতিবাচক উদ্যোগে সংগঠনটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।

Muktomon/TA