ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেল অবরোধ স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা এলাকায় অবরোধ প্রত্যাহারের পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা এলাকায় অবরোধ প্রত্যাহারের পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মুক্তমন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গ্রাম নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধের চার ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। জেলা বিএনপির নেতাদের আশ্বাসে রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার রফিক ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সোয়া ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে যানবাহন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রামকে নতুন ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদ জানিয়ে আসছেন বাসিন্দারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আপাতত ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করেন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, তাঁরা নতুন বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে চান না। জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনার পর তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে।তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশে তিনি ঘটনাস্থলে গেছেন। আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা ও সংসদ সদস্যের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের দাবি ও মতামত বিবেচনার উদ্যোগ নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অবরোধ করেছিলেন। প্রশাসনের আশ্বাসের পর তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

Muktomon/TA