সুগন্ধি চাল উৎপাদনে প্রণোদনা

সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেওয়ার উদ্যোগের কথা জানাচ্ছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী
সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেওয়ার উদ্যোগের কথা জানাচ্ছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

দেশে সুগন্ধি চালের উৎপাদন এলাকা কমে যাওয়ায় বাজারে এ চালের ঘাটতি তৈরি হয়েছে এবং দামও বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সুগন্ধি চাল উৎপাদনকারী এলাকার কৃষকদের অতিরিক্ত প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বাজারে সুগন্ধি চালের দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ধীরে ধীরে সুগন্ধি চালের উৎপাদন এলাকা কমে যাচ্ছে। এ কারণে কিছু ক্ষেত্রে এ চালের ঘাটতি দেখা দিচ্ছে। অল্প কিছুদিন রপ্তানি হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।

তিনি বলেন, দেশের কোন এলাকায় কোন ফসল ভালো হয় এবং সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে কোন ফসল বেশি উপযোগী, তা নির্ধারণে ভূমি মন্ত্রণালয় সারা দেশে জরিপ করছে। কৃষি মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত তিন সদস্যের কমিটি সুগন্ধি চাল উৎপাদনকারী এলাকাগুলো পরিদর্শন করবে। যেসব এলাকায় এখনো এ চাল উৎপাদিত হয় এবং কৃষকদের উৎপাদনে আগ্রহ রয়েছে, সেসব এলাকায় অতিরিক্ত প্রণোদনা দিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, সুগন্ধি চালের উৎপাদন বাড়ানো সম্ভব হলে বাজারে এ চালের ঘাটতি ও উচ্চমূল্যের সমস্যা কমে আসবে।