অরুন কুমার সরকার : ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’—এই স্লোগান সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে পরিবেশ র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) সকালে এ কর্মসূচি শুরু হয়।
র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চিতলমারী বাজার প্রদক্ষিণ করে থানার পেছনের সড়কে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস খান, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ আসাদুজ্জামানসহ কমিটির নেতারা। এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিক্ষক ও স্কাউট সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।
র্যালি শেষে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরে থাকা এবং চলাচলের অনুপযোগী থানার পেছনের সংযোগ সড়কটি পরিষ্কারের কাজ শুরু হয়। সড়কটি চলাচলের উপযোগী করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন চিতলমারী গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
আয়োজকেরা জানান, আগামীকালও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
এ কর্মসূচিতে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদ, বিদ্যালয়ের স্কাউট দল, এভন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ও মেসার্স মোল্লা ট্রেডার্স।
চিতলমারী প্রতিনিধি
Muktomon/TA