ইয়েমেনে সৌদি হামলায় ৩৩ জন নিহত

 ইয়েমেনের সানায় সৌদি বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও ধোঁয়ার দৃশ্য।
ইয়েমেনের সানায় সৌদি বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও ধোঁয়ার দৃশ্য।

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানার আল-শারিয়া গ্রামে সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

শনিবার (৭ নভেম্বর) সানায় হামলাটি চালানো হয়। প্রথমে ২২ জন নিহত হওয়ার খবর জানানো হলেও রোববার (৮ নভেম্বর) নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে বলে জানান হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলআসবাহি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহত ও আহত ব্যক্তিদের সংখ্যা জানান। এর আগে তিনি অভিযোগ করেন, হামলার পর উদ্ধারকাজে নিয়োজিত প্যারামেডিকদের লক্ষ্য করেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

হুথি সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশনের প্রকাশিত ভিডিওতে হামলাস্থলে ধ্বংসস্তূপ ও সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। 

এদিকে, সানায় হামলার পর রোববার সকালে সৌদি আরবে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র রিয়াদের আরামকো টাওয়ারে আঘাত হানে বলে দাবি করেছেন দুই প্রত্যক্ষদর্শী। 

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আরামকো টাওয়ারে ক্ষেপণাস্ত্র আঘাতের বিষয়ে দেশটির পক্ষ থেকে আলাদা কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি আরব-সমর্থিত বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেনে ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখের বেশি মানুষ।

সূত্র : দ্য নিউ আরব ও এএফপি

Muktomon/TA