মক্কায় গিয়ে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজনীন নীহা

 মক্কায় গিয়ে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজনীন নীহা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা বিয়ের ইঙ্গিত দিয়েছেন। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবার সামনে জীবনসঙ্গীর সঙ্গে তোলা ছবি প্রকাশ করে তাঁদের নতুন জীবনের কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটিতে কাবার সামনে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিতে তাঁদের হাত ধরে থাকার দৃশ্য রয়েছে। ছবিগুলোতে সঙ্গীর মুখ দেখা যায়নি।

ছবির ক্যাপশনে নীহা লিখেছেন, এত দিন যে অধ্যায়টি তাঁরা ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন, এবার সেই যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চান। আল্লাহ তাঁদের সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং পবিত্র ঘরে একসঙ্গে আসার সুযোগ দিয়েছেন—এ জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।

ক্যাপশনের শেষে তাঁদের বন্ধন যেন সব সময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে, সেই প্রার্থনা করেন তিনি।

নীহার এই পোস্টকে বিয়ের ঘোষণা হিসেবে দেখছেন অনুসারীরা। তবে তাঁর জীবনসঙ্গীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বিষয়টি নিশ্চিত হতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সম্পর্কের কথা জানিয়েছিলেন নীহা। তবে সম্পর্কের ধরন বা সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি।

এরপর নেপাল ভ্রমণের কিছু ছবিও প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সেই সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়। তবে জীবনসঙ্গীর পরিচয় নিয়ে এখনো নীরব রয়েছেন নীহা।

Muktomon/TA