চকরিয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট কর্মসূচির উদ্বোধন

 চকরিয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
চকরিয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মুক্তমন রিপোর্ট : বর্জ্যকে সম্পদে রূপান্তর, জ্বালানি সংকট মোকাবিলা ও তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে সিড ফাইন্স ও বায়োগ্যাস প্ল্যান্ট প্রকল্পের পরিচালক এ কে এম মফিজুল ইসলাম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে দুই খামারিকে ২ লাখ টাকা করে ঋণসহায়তা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, পরিবেশ সুরক্ষা ও জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের তরুণেরা এ খাতে উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছেন। দেশে আবু তাহেরের মতো সফল উদ্যোক্তা তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মাত্র তিনটি গরু থাকলেও একটি পারিবারিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা সম্ভব। এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে জ্বালানির চাহিদা পূরণে আমদানিনির্ভরতা কমাতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন ট্রেড আধুনিক ও পরিমার্জিত করা হচ্ছে। তরুণদের উপযুক্ত প্রশিক্ষণের আওতায় এনে বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় তরুণদের এ সুযোগ কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Muktomon/TA