মুক্তমন রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে নগরের রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তারেক রহমানের। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর।
এর আগে মঙ্গলবার সকালে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহীতে গিয়ে ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এরপর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় যোগ দিয়ে কর্মসূচি শেষে চট্টগ্রামে আসেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রহমতগঞ্জ ও জে এম সেন হলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। ওই সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
Muktomon/TA