মুক্তমন রিপোর্ট : বাংলাদেশে ধর্মীয় কিংবা জাতিগত কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এ দেশে মিলেমিশে বসবাস করেন। বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার আহাম্মদপুর দুর্গামন্দিরে বিনামূল্যে চিকিৎসাসেবা, বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুণ্যার্থী ও দর্শনার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।”
সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীরাও বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
সাখাওয়াত হোসেন আরও বলেন, এবারের দুর্গাপূজায় সরকার স্বাধীনতার পর সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।