মুক্তমন রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে অবস্থান নিয়ে তাঁরা চাকরি ফিরে পেতে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালনের পর ন্যায়বিচার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে। এতে তাঁরা ও তাঁদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন।
চাকরিচ্যুত ব্যাংকাররা জানান, চাকরি হারিয়ে তাঁদের অনেকেই পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি পাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে বলে দাবি তাঁদের।
দীর্ঘদিনের অনিশ্চয়তা ও আর্থিক সংকটে ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকাররা বলেন, দীর্ঘদিন ব্যাংকিং সেবায় নিয়োজিত থাকার পর হঠাৎ চাকরি হারিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নিজেদের অধিকার ফিরে পেতে এবং কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হলে আবারও মর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন বলে আশা তাঁদের।
চাকরিতে পুনর্বহালের দাবিতে এর আগেও কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত ব্যাংকাররা। গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় হলুদ রঙের টি-শার্ট উঁচিয়ে নিজেদের দাবি তুলে ধরেন তাঁরা। ওই দিন সকালেও নগরের হোটেল রেডিসন ব্লুর সামনে অবস্থান নিয়ে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
চাকরিচ্যুত ব্যাংকার ইলিয়াস হোসেন সে সময় জানিয়েছিলেন, তাঁদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে তাঁরা মনে করেন। বিষয়টি সমাধানে তারেক রহমান উদ্যোগ নেবেন—এমন প্রত্যাশা থেকেই তাঁরা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
Muktomon/TA