সাভারে শ্রমিকদের বিক্ষোভে সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারের হেমায়েতপুরে তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ।
সাভারের হেমায়েতপুরে তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ।

মুক্তমন রিপোর্ট : ন্যূনতম মজুরি বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। পরে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা সড়কে বেরিয়ে আসেন। তাঁরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

বর্তমানে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও সাভারের হেমায়েতপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

Muktomon/TA