মুক্তমন রিপোর্ট : ’স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পর একের পর এক ছবির প্রস্তাব পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আকর্ষণীয় পারিশ্রমিকের প্রস্তাব থাকলেও পছন্দসই গল্প না পাওয়ায় নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। সম্প্রতি নিজের ক্যারিয়ারের এ অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত তরুণীদের ক্যারিয়ার গড়ার বিষয়ে পরামর্শ চান। উত্তরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শ্রদ্ধা।
অভিনেত্রী জানান, ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর তাঁকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। পারিশ্রমিকের অঙ্কও ছিল আকর্ষণীয়। কিন্তু নিজের পছন্দ ও মনের কথাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেন, ভালো গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় কাজ করবেন না।
শ্রদ্ধা বলেন, ‘স্ত্রী ২’-এর পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হব না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।’
অপেক্ষার সময়টা সহজ ছিল না বলেও জানান তিনি। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকার কারণে এখন গর্ব অনুভব করছেন শ্রদ্ধা।
তরুণীদের উদ্দেশে অভিনেত্রীর পরামর্শ, নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে হবে। কোনো কিছু মন থেকে চাইলে তার জন্য অপেক্ষা করা কঠিন হতে পারে, তবে ধৈর্য ধরে এগিয়ে গেলে সেই অপেক্ষা সার্থক হতে পারে বলে মনে করেন তিনি।
Muktomon/TA