মুক্তমন রিপোর্ট : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির মাত্র সাড়ে ৭ হাজার টিকিটের বিপরীতে প্রায় ৯ লাখ আবেদন জমা পড়েছে।
আগামী বছরের ৮ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। উইন্ডহোকের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভেন্যুটিতে বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ছয়টি ম্যাচের টিকিটের জন্য এখন পর্যন্ত ২০ লাখের বেশি অনুরোধ জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের জন্য আবেদন এসেছে প্রায় ৯ লাখ। অথচ স্টেডিয়ামটির আসনসংখ্যা মাত্র সাড়ে ৭ হাজার।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বকাপের টিকিটের জন্য এখন পর্যন্ত মোট চাহিদা ১২ কোটির বেশি ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য।
আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ৩৪ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। এই ম্যাচের জন্য ৮০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। একই শহরে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিটের জন্য আবেদন এসেছে ৭৯ লাখ ৯৪৪টি।
সোমবার সকাল পর্যন্ত টিকিটের ব্যালট নিবন্ধনে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর রয়েছে যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সহ-আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২৪ বছর পর আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের বাকি ম্যাচগুলো হবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে।
Muktomon/TA