পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ফা’যের সফল পরীক্ষা

পাকিস্তানের তৈরি ফা’য এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র
পাকিস্তানের তৈরি ফা’য এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র

মুক্তমন রিপোর্ট : নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি প্রথম এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ‘ফা’য’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত বিবৃতিতে আইএসপিআর জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি। ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থায় সজ্জিত এবং দূরপাল্লার আকাশপথের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ফা’য ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান বিমানবাহিনীর কার্যক্রম পরিচালনার সক্ষমতা ও নমনীয়তা বাড়াবে। একই সঙ্গে দেশটির সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বিবৃতিতে বলা হয়, এই সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবনী শক্তি ও স্বনির্ভরতার প্রতিফলন।

পরীক্ষায় সাফল্যের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা প্রতিরক্ষা খাতের বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে গত ১৩ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, অস্ত্রব্যবস্থাটি উন্নত নেভিগেশন ও এভিওনিক্স প্রযুক্তিতে সজ্জিত।

সামরিক বাহিনীর দাবি, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর গতিপথ ও কৌশল পরিবর্তনের সক্ষমতা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র : জিও নিউজ

Muktomon/TA