রনজিৎ সরকার রাজ : ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এ আয়োজিত উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। তাঁর এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ‘স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সানজিদা আরফিনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
সানজিদা আরফিন কালাপুকুর গ্রামের মো. সাদিকুল ইসলাম সাদেকের মেয়ে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল বিভাগের শিক্ষার্থী।
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর মূল লক্ষ্য সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করা।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
সানজিদার এ সাফল্যে বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নসহ আশপাশের এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, তাঁর অর্জন এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কাজে উৎসাহিত করবে।
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA