শেখ হাসিনাকে ফেরানোর দাবি, সরকারকে নোটিশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; তাঁকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; তাঁকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মুক্তমন রিপোর্ট : ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড পোস্ট ও ইমেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশে জাতীয় নিরাপত্তার ঝুঁকির বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী দেশে তাঁর দীর্ঘ অবস্থান এসব তথ্য প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারে বলে নোটিশদাতা আশঙ্কা প্রকাশ করেছেন।

এতে আরও বলা হয়েছে, কোনো দেশের সাবেক বা ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘ অবস্থান দুই দেশের মধ্যে বৈরিতা ও সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

এ প্রসঙ্গে নোটিশে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ তুলে ধরা হয়েছে। নোটিশদাতার দাবি, তাঁদের বিদেশে অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সংশ্লিষ্ট অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলেছিল।

নোটিশে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈরিতা বা সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Muktomon/TA