মুক্তমন রিপোর্ট : ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের প্রভাবে মিরপুর ১১ ও ১২ নম্বর এবং পল্লবী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ। এসব দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।
আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
Muktomon/TA