লামিনে ইয়ামালের পুরো নাম কী, জানালেন তাঁর বাবা

বার্সেলোনার তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল।
বার্সেলোনার তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল।

মুক্তমন রিপোর্ট : বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের নাম নিয়ে প্রচলিত বিভ্রান্তি দূর করেছেন তাঁর বাবা মুনির নাসরাউই। অনেকেই ‘ইয়ামাল’কে তাঁর পদবি মনে করলেও মুনির জানিয়েছেন, এটি ছেলের নামেরই একটি অংশ। তাঁর পুরো নাম লামিনে ইয়ামাল নাসরাউই এবানা।

দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সেলোনার ৬-১ গোলের জয়ে জোড়া গোল করেন ইয়ামাল। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ছেলের নামের সঠিক পরিচয় তুলে ধরেন মুনির।

ভিডিওতে তিনি বলেন, লামিনের নামের শেষ অংশ নাসরাউই এবানা। ‘লামিনে ইয়ামাল’ তাঁর নামের প্রথম অংশ। নামটি সংক্ষেপ করতে চাইলে শুধু ‘লামিনে’ বলার পরামর্শও দিয়েছেন তিনি।

এর আগে ১৬ বছর বয়সে মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের নাম নিয়ে কথা বলেছিলেন ইয়ামাল। সে সময় তিনি বলেছিলেন, তাঁর নাম লামিনে ইয়ামাল। তবে সংক্ষেপে ডাকতে চাইলে ‘লামিনে’ বলা যেতে পারে।

ইয়ামালের পুরো নামের ‘নাসরাউই’ অংশটি এসেছে তাঁর বাবা মুনির নাসরাউইয়ের কাছ থেকে। আর ‘এবানা’ অংশটি মায়ের নাম শেইলা এবানা থেকে নেওয়া।

ছেলের নামের পেছনে রয়েছে একটি বিশেষ গল্পও। ইয়ামালের জন্মের আগে তাঁর বাবা-মা আর্থিক সংকটের মধ্যে ছিলেন। সে সময় লামিনে ও ইয়ামাল নামের দুই বন্ধু তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাসা ভাড়া দিয়ে সহযোগিতা করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই ভবিষ্যতে ছেলে হলে দুই বন্ধুর নাম মিলিয়ে রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।

২০০৭ সালের ১৩ জুলাই তাঁদের প্রথম সন্তান জন্ম নেওয়ার পর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন মুনির ও শেইলা। সেই থেকেই ছেলের নাম লামিনে ইয়ামাল।

বর্তমানে বার্সেলোনার হয়ে মাঠের পারফরম্যান্সে আলোচনায় থাকা এই তরুণ ফুটবলারের নামের পেছনের গল্পও নতুন করে আগ্রহ তৈরি করেছে ভক্তদের মধ্যে।

Muktomon/TA