দুর্গাপূজা ঘিরে বিশেষ প্রস্তুতি ডিএসসিসির

দুর্গাপূজা উপলক্ষে ডিএসসিসির প্রস্তুতি ও অনুদান নিয়ে বক্তব্য দিচ্ছেন প্রশাসক মো. আবদুস সালাম
দুর্গাপূজা উপলক্ষে ডিএসসিসির প্রস্তুতি ও অনুদান নিয়ে বক্তব্য দিচ্ছেন প্রশাসক মো. আবদুস সালাম

মুক্তমন রিপোর্ট : আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে সংস্থাটির আওতাধীন ১৬৮টি পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপ এলাকার সড়ক মেরামত, পরিচ্ছন্নতা ও ড্রেন পরিষ্কারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের মিলনায়তনে বাংলাদেশ সনাতন পার্টি আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলন, মহালয়া উদযাপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান সেবা ও অধিকার নিশ্চিত করতে ডিএসসিসি কাজ করছে। দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ এলাকার অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্নতার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসক জানান, ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজামণ্ডপে প্রথমবারের মতো মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরকে আলাদাভাবে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের আশপাশের ক্ষতিগ্রস্ত সড়ক আগামী দুই দিনের মধ্যে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পাশাপাশি মণ্ডপসংলগ্ন ড্রেন ও নর্দমা জরুরি ভিত্তিতে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মণ্ডপ এলাকার নষ্ট সড়কবাতি, ড্রেনেজ সমস্যা কিংবা শৃঙ্খলাজনিত কোনো ঘাটতি চোখে পড়লে তা সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানান আবদুস সালাম।

অনুষ্ঠানে তিনি বলেন, নগরসেবা প্রদানের ক্ষেত্রে সমতা ও ভারসাম্য বজায় রাখা জরুরি। মসজিদের পাশাপাশি পূজামণ্ডপে সহায়তা এবং ইমামদের পাশাপাশি পুরোহিতদেরও ভাতার আওতায় আনার উদ্যোগ অব্যাহত রয়েছে। সব ধর্মের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে ডিএসসিসি অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

Muktomon/TA