আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

মুক্তমন রিপোর্ট : শহিদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আবু সাঈদ ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর আত্মত্যাগের ঘটনা স্ফুলিঙ্গের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছিল, যার ধারাবাহিকতায় দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতন ঘটে।

আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তাঁর নামে গেট নির্মাণের ফলে ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে। এ পথ দিয়ে চলাচলকারী মানুষের মধ্যেও তাঁর স্মৃতি ও অবদান স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পরে ত্রাণমন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির প্রয়াত সদস্যসচিব আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেন।

Muktomon/TA