তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মুক্তমন রিপোর্ট : তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক সাম্প্রতিক সময়ের নয়; বরং দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।

সম্মেলনে মূল প্রবন্ধভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, তুরস্কের পার্লামেন্ট সদস্য মোস্তফা কায়া এমপি, বাংলাদেশের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ, চিকিৎসক ড. এস. এম. খালেদুজ্জামান, নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাহমুদ গকসু, ইয়ুথ ওয়েবের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম এবং আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের পররাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান এমরুল্লাহ ডেমিরসহ অন্যরা।

স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সিপিএসআর) চেয়ারম্যান ড. হাফিজুর রহমান। সমাপনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উসমান আকগুল। সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন সিপিএসআরের নির্বাহী পরিচালক ড. এএসএম মাহমুদুল হাসান ও মো. মহিব্বুল্লাহ।

আয়োজকদের মতে, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও কূটনীতিকদের অংশগ্রহণে এ সম্মেলন বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক আলোচনা সম্প্রসারণ এবং বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা অন্বেষণের সুযোগ তৈরি করেছে।

Muktomon/TA