মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সিঙ্গাপুর সফরের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় দেশটির নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশের পর সৌজন্য সাক্ষাতে তিনি এ আমন্ত্রণ জানান।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ঢাকায় দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপ ওংকে অভিনন্দন জানিয়ে হুমায়ুন কবির বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা এবং বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা এবং জলবায়ু ও শ্রমবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।
ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের জন্য হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানান।
সাক্ষাতে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (আরসিইপি)–এর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।