কৌন হোনার ক্রোড়পতিতে মাধুরীর পোশাকের বৈচিত্র্য

কৌন হোনার ক্রোড়পতি’ অনুষ্ঠানে বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি ও আধুনিক পোশাকে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
কৌন হোনার ক্রোড়পতি’ অনুষ্ঠানে বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি ও আধুনিক পোশাকে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

মুক্তমন রিপোর্ট : মারাঠি কুইজ শো ‘কৌন হোনার ক্রোড়পতি’র প্রথম নারী সঞ্চালক হিসেবে নতুন পরিচয়ে দর্শকদের সামনে এসেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি পোশাকের বৈচিত্র্য দিয়েও আলোচনায় রয়েছেন তিনি। কখনো ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ি, কখনো আধুনিক নকশার পোশাকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

মারাঠি ঐতিহ্যের ছোঁয়া থেকে শুরু করে জমকালো কারুকাজ—বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করছেন মাধুরী। অনুষ্ঠানে তার পরা সাতটি উল্লেখযোগ্য পোশাকের ধরন তুলে ধরা হলো।গোলাপি, বেগুনি ও সোনালি রঙের সমন্বয়ে পৈঠানি শাড়ি পরেছেন মাধুরী। সঙ্গে সোনার গয়না ও ঐতিহ্যবাহী নথ। একপাশে ঢেউ খেলানো চুলে গোলাপি গোলাপের সাজ পুরো পোশাকে এনেছে মারাঠি ঐতিহ্যের আবহ।

সাদা পাড়ের কালো শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। সাদামাটা নকশার এই শাড়ির সঙ্গে রঙিন পাথরের কানের দুল বেছে নিয়েছেন তিনি। পরিপাটি খোঁপায় সাজটি পেয়েছে মার্জিত রূপ। উজ্জ্বল হলুদ শাড়ির জমকালো কারুকাজের সঙ্গে কেপের মতো আবরণ যুক্ত করেছেন মাধুরী। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক এই সংযোজন পোশাকে এনেছে ভিন্নতা। গয়নার ব্যবহারও রেখেছেন পরিমিত।

লাল রঙের কারুকাজ করা শাড়ির সঙ্গে একই রঙের কোট পরেছেন অভিনেত্রী। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক নকশার এই সমন্বয়ে সাজটি পেয়েছে আলাদা মাত্রা। হীরার গয়না যোগ করেছে আভিজাত্য। অফ-হোয়াইট শাড়ির সঙ্গে বেগুনি রঙের ছোট কুর্তি-ধাঁচের ব্লাউজ পরেছেন মাধুরী। দুই রঙের বৈপরীত্য সাজটিকে করেছে আকর্ষণীয়। ঝুলন্ত কানের দুল ও বড় আংটিতে পূর্ণতা পেয়েছে পুরো আয়োজন।

ছাপা নকশার শাড়ির সঙ্গে ভিনটেজ ধাঁচের ব্লাউজ বেছে নিয়েছেন অভিনেত্রী। ফোলা হাতা ও গলার কাছে বড় বো ছিল পোশাকের বিশেষ বৈশিষ্ট্য। বড় খোঁপা ও পাথরের গয়নায় সাজটি পেয়েছে পূর্ণতা। শাড়ির বাইরে গাঢ় নীল স্কার্ট সেটেও দেখা গেছে মাধুরীকে। ব্লাউজজুড়ে সূক্ষ্ম কারুকাজের সঙ্গে পরিপাটি খোঁপা ও মানানসই গয়না সাজে এনেছে পরিমিত আভিজাত্য। ঐতিহ্যবাহী পৈঠানি শাড়ি থেকে আধুনিক স্কার্ট সেট—বিভিন্ন নকশা ও পোশাকের সমন্বয়ে ‘কৌন হোনার ক্রোড়পতি’ অনুষ্ঠানে নিজের ফ্যাশন বৈচিত্র্য তুলে ধরছেন মাধুরী দীক্ষিত।

Muktomon/TA