মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে  শীর্ষে বাংলাদেশ

 মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে  শীর্ষে বাংলাদেশ

মুক্তমন রিপোর্ট : মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের ঘটনায় সবচেয়ে বেশি সম্পৃক্ত বাংলাদেশি নাগরিকেরা। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

বুধবার পার্লামেন্টে দেওয়া লিখিত জবাবে এ তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। মোট ১৮ হাজার ৮৩৮টি পাসের শর্ত লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার প্রায় ৩৭ শতাংশে বাংলাদেশিরা জড়িত।

তালিকায় বাংলাদেশের পর রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিকেরা। তবে এসব ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততার কারণ বা কর্মখাতভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মালয়েশিয়া সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক ভ্রমণ পাস বা ভিসা ছাড়ের সুবিধায় মালয়েশিয়ায় প্রবেশ করলেও বিদেশিদের কাজ বা ব্যবসা পরিচালনার অনুমতি নেই। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত অভিবাসন বিভাগের অভিযানে ২ হাজার ৩০৬ জনকে পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

তবে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় তাদের সংশ্লিষ্টতার ঘটনা বেশি, নাকি তাদের ওপর নজরদারি বেশি—প্রকাশিত তথ্য থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

Muktomon/TA