ফাওয়াদ-মাহিরার সিরিজের ভারতীয় মুক্তি নিয়ে বিতর্ক

নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’-এর একটি দৃশ্য।
নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’-এর একটি দৃশ্য।

মুক্তমন রিপোর্ট : পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’ ভারতে মুক্তি দেওয়া নিয়ে নেটফ্লিক্সকে আগের নির্দেশনা মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাকিস্তানি বিনোদন কনটেন্ট ঘিরে নতুন করে বিতর্কের মধ্যেই এ বার্তা দেওয়া হলো।

সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দার-এ-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ভারতের ব্যাঙ্গালুরুতে। তবে সামাজিক মাধ্যমে প্রচারমূলক পোস্টার ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকে এমন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং পুলিশের হস্তক্ষেপ দাবি করেন। পরে প্রদর্শনী দুটি বাতিল করা হয়।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘দার-এ-নিজাত’ বাংলাদেশসহ ভারতের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে। ভারতের কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিরিজটি দেখা গেলেও দেশটিতে এআরওয়াই ডিজিটালের অফিশিয়াল চ্যানেলটি বন্ধ রয়েছে।

এদিকে পাকিস্তানি বিনোদন কনটেন্ট নিয়ে বিতর্কের মধ্যে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’ ভারতে মুক্তি না দেওয়ার দাবি উঠেছে। ফাওয়াদ খান, মাহিরা খান ও সনম সাঈদসহ পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ। তিন প্রজন্মের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ছয়টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সিরিজটির ভারতে মুক্তি বন্ধের দাবি জানিয়েছে। মঙ্গলবার পাঠানো চিঠিতে সংগঠনটি বলেছে, সিরিজটি ভারতে মুক্তি পেলে সন্ত্রাসবাদের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনুভূতির প্রতি অবজ্ঞা দেখানো হবে। একই সঙ্গে পাকিস্তানি বিনোদন কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়নের দাবিও জানিয়েছে তারা।

তবে ভারতের দর্শকদের জন্য সিরিজটি উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।

এর আগে ২০২৫ সালের মে মাসে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করার বিষয়ে নির্দেশনা জারি করেছিল ভারত সরকার। একই বছরের জুনে নেটফ্লিক্সও দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জানিয়েছিল, ভারতীয় গ্রাহকদের জন্য তাদের প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনো সিনেমা বা সিরিজ নেই।

এবার ‘জো বাচে হ্যায় সাং সামেইত লো’ নিয়ে অভিযোগ ওঠার পর নেটফ্লিক্সকে আগের নির্দেশনা অনুসরণের কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে ভারতের মন্ত্রণালয়।

Muktomon/TA